জাহেদ আলম, কক্সবাজার:-অদ্য ১১ মার্চ ২০২৬ ইং তারিখ, রোজ বুধবার পবিত্র মাহে রমজানের ২১তম দিনে কক্সবাজারের উখিয়া উপজেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উখিয়া উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ। তিনি সভায় সভাপতিত্বও করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে মানুষ আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ পায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
পবিত্র কুরআনে বলা হয়েছে—
“হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোযা ফরয করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরয করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার।”
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার, উখিয়া, কক্সবাজার।