এস,এম, মিজান উল্লাহ:- চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভোজ্যতেল জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত থেকে বুধবার (৮ এপ্রিল) ভোর পর্যন্ত পরিচালিত অভিযানে নগরীর বায়েজিদ বোস্তামী ও পাঁচলাইশ থানা এলাকায় এসব অনিয়মের চিত্র উঠে আসে।
অভিযানে বায়েজিদ বোস্তামী থানার গুলবাগ আবাসিক এলাকায় অবস্থিত ‘আমানত প্যাকেজিং অ্যান্ড মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের সিএম সনদ ছাড়াই ফর্টিফায়েড সয়াবিন তেল বোতলজাত ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। একইসঙ্গে পণ্যের মোড়কে অনুমোদনহীন মানচিহ্ন ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে। প্রতিষ্ঠানের মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।
এসময় সেখান থেকে প্রায় ১,০৪২ লিটার ভোজ্যতেল, প্রায় ১০ হাজার পিস মোড়ক এবং বিপুল পরিমাণ খালি বোতল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়।
অন্যদিকে পাঁচলাইশ থানার ষোলশহর ২ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে মাবিয়া স্টোর -এ লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম সয়াবিন তেল মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় খাজা স্টোর এ বৈধ লাইসেন্স থাকলেও অস্বাস্থ্যকর পরিবেশে তেল সংরক্ষণের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া পৃথক তথ্যে জানা গেছে, পাঁচলাইশ এলাকায় আরও প্রায় ২১ হাজার ৬০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুতের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।
প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগের প্রকৌশলী মো. আবদুর রহিম ও পরিদর্শক সাইদ আহমেদ তালুকদার। এসময় র্যাব-৭ এর সদস্যরাও উপস্থিত ছিলেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারে নকল বা অবৈধ পণ্যের প্রবেশ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।